# ‘মজলুম থেকে জালিম; আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেন বাঁচান’

- Link: https://www.cholomansongbad.com/%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%b2/
- Published: ২০২৬-১১-০১T২১:০৭:৪১+০৬:০০
- Author: ডেক্স নিউজ

মজলুম থেকে জালিম হয়ে ওঠা উনিই হয়তো আবার মজলুম হলে এই সংবাদ মাধ্যমকেই আর্তচিৎকার
করে বলবেন আমাকে বাঁচান! আমাকে বাঁচান।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর
রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে ইঙ্গিত করে এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর
দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

শফিকুল ইসলাম মাসুদ লেখেন, “মজলুম থেকে জালিম হয়ে ওঠা উনিই হয়তো আবার মজলুম হলে এই
সংবাদ মাধ্যমকেই আর্তচিৎকার করে বলবেন আমাকে বাঁচান! আমাকে বাঁচান।”

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় আসে
রাশেদ খানের ‘আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে’ শিরোনামে পরিচিত ফেসবুক লাইভ ভিডিওটি।
ওই দিন দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার একটি বাসা থেকে ফেসবুক
লাইভে এসে তিনি দাবি করেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ধাওয়া করছে এবং বাসার দরজায় 
ধাক্কা দিচ্ছে।

লাইভে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান।’ পরে ওই দিনই কোটা
সংস্কার আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছাত্রলীগের তৎকালীন
কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাকে
গ্রেপ্তার দেখানো হয়।
