চা শ্রমিকের জীবনঘেরা গল্পে বৈশাখে ‘চা গরম’

চা বাগান ঘিরে চা শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত হল অরিজিনাল ফিল্ম ‘চা গরম’। শঙ্খ দাশগুপ্তর নির্মাণে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি।

‘চা গরম নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, “নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সবসময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে—সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।”

চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাফা কবির। তিনি বলেন, ‘চা গরম এর প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সবসময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একই সঙ্গে, গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। এই বিষয়টাই আমাকে এই কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।’

পোস্টারে ধরা পড়েছে চা বাগান ঘিরে নির্মিত চলচ্চিত্রটির গল্পের ছায়া

চা গরম’ মূলত একটি অনুপ্রেরণার গল্প বলে জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

তিনি বলেন, ‘জাতীয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনে বৈশাখ আসে নতুনের বার্তা নিয়ে। নতুন করে শুরু করার প্রত্যয় থাকে সবার মাঝে। সেই উদ্দীপনাটাই আমরা কনটেন্টের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। ‘চা গরম”দেখার মাধ্যমে ইতিবাচক মনোভাব তৈরি হোক, সেই প্রত্যাশা, সবাইকে নববর্ষের অগ্রীম শুভেচ্ছা।’

গল্পে আরও আছেন এ কে আজাদ সেতু। ’চা গরম’–এর গল্প ও চিত্রনাট্য করেছেন সাইফুল্লাহ রিয়াদ। ছবিটির মূল ভাবনা, গবেষণা ও প্রকল্প নেতৃত্বে আছেন মো. শরিফুল ইসলাম, যিনি অক্সফ্যামের পক্ষ থেকে পুরো চলচ্চিত্র উদ্যোগটি ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত সমন্বয় করেছেন।

চরকি ও অক্সফ্যাম যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়। ছবিটির সাথে যুক্ত হয়েছে রবিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *