নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামের বাজারে সামরিক বাহিনীর জেট বিমান হামলা খবর পাওয়া গেছে। খবরে বেসামরিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইয়োবি ও বর্নো রাজ্যের সীমান্তবর্তী একটি এলাকায় এ হামলা ঘটে। ওই সময় একটি সামরিক বিমান এলাকাটিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নিচ্ছিল বলে জানা গেছে।

নাইজেরিয়ান বিমান বাহিনী জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) বর্নো অঙ্গরাজ্যের জিল্লি এলাকায় “চিহ্নিত সন্ত্রাসী অবস্থানগুলোতে” তারা “মপ-আপ” ধরনের বিমান হামলা চালিয়েছে। তবে তারা বাজারে হামলা হয়েছে কিনা বা কোনও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত করেনি।

এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে বোকো হারাম বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিত। এ সংঘাতে ইতিমধ্যে দুই মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

বিমান বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, শনিবারের পরবর্তী হামলাগুলো “পালিয়ে যাওয়া অবশিষ্ট সদস্য এবং পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করা গোষ্ঠীগুলোর ওপর লক্ষ্য করে চালানো হয়েছিল, যারা দুর্গম ভূখণ্ডের সুযোগ নেওয়ার চেষ্টা করছিল।”

হামলার ফলে হতাহতের সংখ্যা নিয়ে এখনো পরস্পরবিরোধী তথ্য রয়েছে। রয়টার্স জানিয়েছে, ইয়োবির গেইদাম জেলার কাউন্সিলর লাওয়ান জান্না নুর গেইদাম, তিনজন স্থানীয় বাসিন্দা এবং একটি আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মকর্তার বরাতে অন্তত ২০০ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

লাওয়ান জান্না নুর গেইদাম বলেছেন, “এটি একটি অত্যন্ত বিধ্বংসী ঘটনা।’’ তিনি আরও জানান, আহতদের ইয়োবি ও বর্নো প্রদেশের হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *