যিশু রূপে নিজেকে উপস্থাপন করা পোস্ট মুছলেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপের সঙ্গে বাদানুবাদের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেকে যিশু খ্রিস্ট হিসেবে চিত্রায়িত করা একটি পোস্ট মুছে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সময় রবিবার গভীর রাতে ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ওই ছবিটি পোস্ট করা হয়েছিল। ছবিতে ট্রাম্পকে যিশুর মতো একটি অবয়বে মার্কিন পতাকা ও ঈগল পরিবেষ্টিত অবস্থায় অসুস্থদের সেবা করতে দেখা যায়। ইরান যুদ্ধের বিরোধিতা করায় পোপ লিও চতুর্দশকে ট্রাম্প তীব্র সমালোচনা করার পরপরই এই বিতর্কিত ছবি পোস্ট করা হয়েছিল।

এআই দ্বারা তৈরি ভূয়া ছবি

তবে সোমবার সকাল থেকে ট্রাম্পের ফিডে ছবিটি আর দেখা যাচ্ছে না। পোস্টটির আগের লিঙ্কে ক্লিক করলে এখন ‘তথ্যটি আর নেই’ বার্তা দেখাচ্ছে। পোস্টটিকে অনেকেই ‘ঈশ্বরনিন্দামূলক’ হিসেবে সমালোচনা করেছেন।

প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব পালন করা লিও চতুর্দশ সোমবার বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং নিজের অবস্থান জানিয়ে যাবেন। এর আগে ট্রাম্প পোপের যুদ্ধবিরোধী অবস্থানের নিন্দা জানিয়ে তাকে পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ হিসেবে অভিহিত করেছিলেন।

পোপ লিও সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে ক্রমেই সোচ্চার হচ্ছেন। গত সপ্তাহে তিনি ইরানের জনগণের বিরুদ্ধে ট্রাম্পের কড়া বক্তব্যকে সত্যিই অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *