নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি

চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যার পরিমাণ ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার! যা গত আসরের তুলনায় ১০ শতাংশ বেশি। গত আসরে এর পরিমাণটা ছিল ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার।

আসন্ন আসরটিতে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। রানার্স আপ পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার।

১২ দলের এই টুর্নামেন্ট আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ড ২০২৪ সালে জেতা প্রথম শিরোপা রক্ষার মিশনে এবার মাঠে নামবে।

ঘোষিত প্রাইজমানি অনুসারে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের প্রত্যেকে পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার। আইসিসি জানিয়েছে, অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য থাকছে ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার পুরস্কার।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেছেন, ‘বিনিয়োগ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে নারী ক্রিকেটের ধারাবাহিক উন্নতি বিশ্বমঞ্চে নারী ক্রীড়াবিদদের ক্রমবর্ধমান প্রভাব ও গুরুত্বের প্রতিফলন।’

এই টুর্নামেন্টে বাংলাদেশও অংশ নিচ্ছে। তারা খেলবে গ্রুপ ‘এ’ তে। তাদের গ্রুপসঙ্গী রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *