জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়ছে সরবরাহ

গ্রাহকের চাহিদা বিবেচনায় সব ধরনের জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানো হয়েছে। সোমবার (২০ এপ্রিল) থেকে বর্ধিতহারে তেল পাবে দেশের চার তেল বিতরণ কোম্পানি। তাদের বাড়তি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রবিবার (১৯ এপ্রিল) রাতে বিপিসির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৩০ দিনের গড় বিক্রির ওপর ভিত্তি করে কোম্পানিগুলোতে এই বাড়তি বরাদ্দ নির্ধারণ করা হয়।

বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেলের সই করা এক নির্দেশনায় সংশ্লিষ্টদের নতুনহারে তেল বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সে হিসেবে দেশের চার তেল বিতরণ কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (যেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল) সবগুলো কোম্পানি মিলে ডিজেল ১৩ হাজার ৪৯ মেট্রিক টন, অকটেন ১ হাজার ৪২২ মেট্রীক টিন এবং পেট্রোল ১ হাজার ৫১১ টন  করে প্রতিদিন বিক্রি করতে পারবে।

এর আগে রবিবার রাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হয়। নতুন দামের প্রেক্ষাপটে বাজারে চাহিদা ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *