বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে ঋণসুবিধা বাড়লো, মিলবে সর্বোচ্চ ৮০ লাখ টাকা

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনায় ঋণসুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব গাড়ি কিনতে এখন গ্রাহকরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

মঙ্গলবার (৫ মে) জারি করা সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, অটো লোনের সীমা ও শর্তে পরিবর্তন এনে পরিবেশবান্ধব প্রযুক্তির যানবাহনে বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।

নতুন নীতিমালা অনুযায়ী, প্রচলিত (জ্বালানিচালিত) গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও আনা হয়েছে পরিবর্তন। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, অর্থাৎ মোট মূল্যের ৬০ শতাংশ ঋণ এবং ৪০ শতাংশ নিজস্ব বিনিয়োগ থাকতে হবে। অপরদিকে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই অনুপাত বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে, ফলে ক্রেতাদের নিজস্ব অর্থায়নের চাপ কমবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কোনও ব্যক্তির মোট ঋণঝুঁকি (এক্সপোজার) নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও বিবেচনায় নেওয়া হবে।

একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন, যা আগে ছিল ২০ লাখ টাকা।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি নির্ভরতা কমাতে সহায়ক হবে। তবে ঋণের সীমা বৃদ্ধি ভোক্তা ঋণ প্রবাহ বাড়াতে পারে, যা সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে— এই বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *