ব্যাংককে জয় পেয়েছে ঋতুপর্ণারা

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা জয়েই শুরু করলো বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এক ক্লোজ-ডোর প্রীতি ম্যাচে স্বাগতিক কাসেমবান্ডিত ওমেন্স এফসিকে ২-০ গোলে পরাজিত করেছে ঋতুপর্ণা-আফঈদারা।

বাফুফের পক্ষ থেকে সাধারণত ক্লোজ-ডোর ম্যাচের ফলাফল জানানো না হলেও, সোমবার (১১ মে) তারা আনুষ্ঠানিকভাবে এই জয়ের তথ্য নিশ্চিত করেছেন। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলা বাংলাদেশ ১৫ মিনিটেই লিড নেয়। দলের হয়ে প্রথম গোলটি করেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। লাল-সবুজ জার্সিতে তার এই পারফরম্যান্স নজর কেড়েছে সংশ্লিষ্টদের।

ম্যাচের প্রথমার্ধ ১-০ তে শেষ হওয়ার পর দ্বিতীয় গোলটির জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৭৭ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নামা উমেহ্লা মারমা নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যাংককে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। কোচ পিটার বাটলার মূলত এই ম্যাচগুলোর মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস ও কম্বিনেশন যাচাই করে নিচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ দল পরবর্তী ম্যাচে মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *