দক্ষ কর্মীর খোঁজে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

জনশক্তি নিয়ে আলোচনা করতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রবিবার (১৭ মে) সন্ধ্যায় তি‌নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নি‌শ্চিত করেছে।

মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের শ্রমমন্ত্রীকে বিমানবন্দ‌রে স্বাগত জানান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপ‌স্থিত ছি‌লেন।

সফরকালে আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া আগামীকাল সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি যৌথ কমিটি বৈঠকও অনুষ্ঠিত হবে। যেখানে শ্রম, জনশক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনার কথা রয়েছে।

দোহার বাংলা‌দেশ দূতাবাস কাতারের শ্রমমন্ত্রীর বাংলাদেশে সফর গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলে‌ছে, “আমরা আশা করি, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে।”

এদিন সকালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রমমন্ত্রীকে বাংলাদেশ গমন উপলক্ষে বিদায় অভ্যর্থনা জানান।

মন্ত্রণালয় সূত্র বলছে,  ২০৩০ সালে কাতারের ‌‘জাতীয় ভিশন’ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন আছে। কাতার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী। সেই বিষয়ে জয়েন্ট কমিটির বৈঠকে আলোচনা হবে। এছাড়া ভিসা ইস্যু, অবৈধ হয়ে পড়া কর্মীদের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *