জুলাই গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি-বিএনপির উত্তেজনা

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমনকি, দু’পক্ষের পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে উভয় পক্ষকেই সরিয়ে দেয়।

রবিবার (১৭ মে) রাত ১১টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় সিটি করপোরেশন অফিসের প্রবেশ মুখে সড়কের ওপর এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামের ওয়াসা থেকে টাইগারপাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে জুলাই গ্রাফিতি আঁকার কর্মসূচি দেওয়া হয়। এনসিপির নেতাকর্মীরা সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেন।

এরপর রাতে সিটি করপোরেশন কার্যালয়ে যাওয়ার সড়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাতকে দায়ী করে ‘শাহাদাত ডাক্তার জুলাইয়ের গাদ্দার’সহ বিভিন্ন লেখা লেখেন এনসিপির নেতাকর্মীরা। বিষয়টি জানতে পেরে বিএনপির স্থানীয় নেতারা এসে এর প্রতিবাদ করে বিক্ষোভ করেন। এরপর তারা লেখাগুলো মুছে দেন। এই নিয়ে দু’পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেন। পরে পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দেয়।

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, “এনসিপি ও বিএনপির লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।”

এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার নেতাদের অভিযোগ, চসিক মেয়র ডা. শাহাদাতের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করেছে দলটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাইগার পাস এলাকায় সিটি করপোরেশনের প্রবেশ ফটকের সামনে বেশ কয়েকটি পিলারের গ্রাফিতির ওপর সাদা ও হলুদ রং করা হয়েছে। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনসিপির নেতারা দাবি করেন, সিটি মেয়র শাহাদাত হোসেনের নির্দেশে এসব গ্রাফিতি মুছে ফেলা হয়েছে।

এ ঘটনায় রবিবার বিকাল থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। তবে, এ ধরনের কোনও নির্দেশনা দেওয়া হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তি দেয় চসিকের জনসংযোগ শাখা। এতে বলা হয়, চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেনের নির্দেশে নগরের কোথাও জুলাইয়ের গ্রাফিতি অপসারণের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, ‘জুলাই আন্দোলনের স্মৃতিবাহী গ্রাফিতি মুছে সেখানে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন লেখা হয়েছে। আমরা মেয়রকে বলবো, আপনার মেয়াদ শেষ, দয়া করে পদ ছাড়ুন।’

এদিকে, রাত ১২টা ৪৪ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নগরীকে নান্দনিক, পরিচ্ছন্ন ও শিল্পসমৃদ্ধ নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিটি করপোরেশনের মেয়র  ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে সকাল ১০টায় টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত সড়কের দেয়ালে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *