বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

রবিবার (১৭ মে) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পাঠানো এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়।

গত ১৩ মে স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, সকল মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকারি অনুদানপ্রাপ্ত এবং শিক্ষাবোর্ডের অধিভুক্ত কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সরকারি অনুমোদিত কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে মাসিক বেতন দাবি করতে পারবে না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *