এবার শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ঢাকার সাভারে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে শাহজাহান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার বিকালের দিকে উপজেলার বনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার শাহজাহান ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাভারের বনগ্রাম এলাকায় একটি মুদি দোকান করতেন, সেখানেই থাকেন তিনি।

মামলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে টিফিনের সময় শিশুটি ওই বৃদ্ধের দোকানে যায়। এ সময় তাকে বিস্কুট দেওয়ার কথা বলে বন্ধ দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করতে গেলে তাকে মুখ চেপে ধরেন ও হত্যার হুমকি দেন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে জানালে থানায় মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘মামলার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ওসিসিতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *