হাসপাতালে নেতানিয়াহু, এড়াচ্ছেন দুর্নীতির শুনানি

জেরুজালেমের হাদাসাহ এইন কেরেম হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার রাতে বাড়ি ফিরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাঁতের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছে তার কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, ‘কূটনৈতিক ব্যস্ততার’ কারণে মঙ্গলবার নিজের দুর্নীতির মামলার শুনানি থেকে কিছুটা আগেই বিদায় নেবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এর আগে সোমবারের শুনানিতেও ‘কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত’ কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের আগেই এজলাস ছাড়েন তিনি। দুর্নীতির এই মামলায় নেতানিয়াহুর সাক্ষ্য দেওয়ার প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে নানা কারণে বিলম্বিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই প্রায়শই এই মামলার শুনানি বাতিল বা সংক্ষিপ্ত করার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়ে আসছেন।

নেতানিয়াহুর হাসপাতালে যাওয়ার খবরটি সংবাদমাধ্যমে আসার পর সোমবার রাতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনি দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন।

সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে দেশটির জনগণের মধ্যে ব্যাপক গুঞ্জন ও জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে জনগণের কাছ থেকে তার শারীরিক অসুস্থতার তথ্য গোপন করার কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন, যার ফলে তার সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *