ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মাছের প্রকল্পের লেকে ডুবে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাইন্দং এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মফিজুর রহমান (৪৫) ও তার ভাতিজি মোহাম্মদ আজাদের তিন বছর বয়সী কন্যা মুনতাহিনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন ‘এমডিএস এগ্রো’ নামের মাছের প্রকল্পে তিন শিশু নৌকা নিয়ে ভ্রমণ করছিল। হঠাৎ নৌকাটি উল্টে গেলে তারা পানিতে পড়ে যান। নৌকা উল্টে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে খামারের মালিক মফিজুর রহমান তাদের উদ্ধারে দ্রুত পানিতে নামে। এর মধ্যে দুই শিশুকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে মুনতাহিনা নামে আরেক শিশু। তাকে উদ্ধারে পুনরায় পানিতে নামার পর খামার মালিক মফিজুর রহমানও পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের আত্মীয় উপজেলার রোসাংগিরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোয়েব আল সালেহীন বলেন, ‘মাছের প্রজেক্টে বেড়াতে গিয়ে শিশুটির মৃত্যু হয়। তাকে উদ্ধারে গিয়ে খামার মালিক মফিজুর রহমানও পানিতে ডুবে মারা যান। দু’জন সম্পর্কে চাচা-ভাতিজি।’

ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি মাছের প্রজেক্টে নৌকা নিয়ে ভ্রমণের সময় উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুকে বাঁচাতে গেলে পানিতে ডুবে খামার মালিকেরও মৃত্যু হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *