‘সবার আগে বগুড়া নয়, বাংলাদেশ চাই’, সংসদে আতিক মোজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, দেশের উন্নয়ন ও বাজেট বণ্টনে কোনও নির্দিষ্ট অঞ্চলকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তুলে বলেছেন, একসময় ‘সবার আগে গোপালগঞ্জ’ বলা হতো, এখন কি ‘সবার আগে বগুড়া’ বলতে হবে? আমরা এমন বাংলাদেশ চাই না। সবার আগে বাংলাদেশ হলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের জন্য সমান গুরুত্ব ও ন্যায্য বাজেট নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আতিক মোজাহিদ বলেন, বিভিন্ন মহলে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে এখন ‘নবাবী উপজেলা’ বলা হচ্ছে। কারণ দেশের অনেক এলাকা প্রয়োজনীয় বরাদ্দ না পেলেও ওই এক উপজেলায় ৭৬ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি এ ধরনের বৈষম্যমূলক বরাদ্দের সমালোচনা করে বলেন, বাজেট বণ্টনে আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন।

বাজেট আলোচনায় আতিক মোজাহিদ প্রতিরক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দকেও অপর্যাপ্ত বলে উল্লেখ করেন। তার ভাষ্য, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও এর মধ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকাই পরিচালন ব্যয়ে চলে যাবে। ফলে অবকাঠামো ও আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য অবশিষ্ট অর্থ যথেষ্ট নয়।

প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি তুলে ধরে এনসিপির এই সংসদ সদস্য বলেন, দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে এবং মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় সংঘাত পরিস্থিতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে কাজ করতে হচ্ছে। এ বাস্তবতায় প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন বলে জানান তিনি।

আতিক মোজাহিদ বলেন, আকাশ ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় জিডিপির অনুপাতে কম উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রয়োজন হলে অন্য খাতে সাশ্রয় করে হলেও প্রতিরক্ষা খাতে অধিক বরাদ্দ দেওয়া উচিত।

আলোচনায় মুক্তিযুদ্ধের সময়কার সামরিক সরঞ্জামের সীমাবদ্ধতার প্রসঙ্গও তুলে ধরেন আতিক মোজাহিদ। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করা প্রয়োজন।

বাজেট বিতর্কে অংশ নিয়ে আঞ্চলিক বৈষম্য দূর করা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে প্রতিরক্ষা খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান এনসিপির এই সংসদ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *