ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

ঈদের ছুটির মধ্যেই আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কয়েকটি শাখা খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির মধ্যে ১৮ মার্চ (বুধবার) সরকার নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা ওই দিন বন্ধ থাকবে।

তবে ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) সীমিত সংখ্যক জনবল দিয়ে এসব শাখায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এই দুই দিনে ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। আর গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে এর আগে জারি করা নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *