মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে আলোচনায় রহস্যময় ড্রোন!

প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুই দলই। তাই বৃহস্পতিবার গুয়াদালাহারায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার লড়াইটি হয়ে উঠেছে গ্রুপ ‘এ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। যে দল জিতবে, তাদের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত হবে। ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল ৭টায়।

এস্তাদিও আক্রনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসী দুই দলই। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। আর দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে।

সহ-আয়োজক মেক্সিকো প্রথম ম্যাচে সহজ জয় পেলেও এবার কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন কোচ হাভিয়ের আগুইরে। ম্যাচের আগে বলেছেন, ‘প্রতিপক্ষের দ্রুত আক্রমণ বদলের ক্ষমতা সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা যখন আক্রমণে যাবো, তখনও সতর্ক থাকতে হবে। সামনে যদি দুই কোরিয়ান খেলোয়াড় থাকে, তাহলে তাদের মোকাবিলায় তিনজন মেক্সিকান থাকতে হবে।’

তবে ম্যাচের আগের আলোচনায় শুধু ফুটবল নয়, জায়গা করে নিয়েছে এক রহস্যময় ড্রোন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দলের অনুশীলন মাঠের ওপর একটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তা সেটি শনাক্ত করার পর মেক্সিকোর সামরিক বাহিনীর এক ড্রোন প্রতিরোধ বিশেষজ্ঞ রেডিও সিগন্যাল ব্যবহার করে ড্রোনটি নামিয়ে আনেন।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং-বো ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন। তবে মাঠের লড়াই নিয়ে বেশি ভাবছেন তিনি। স্বাগতিকদের বিপক্ষে বৈরী পরিবেশের জন্যও প্রস্তুত তার দল, ‘আমরা জানি এটি স্বাগতিকদের মাঠে খেলা এবং তারা কিছু বাড়তি সুবিধা পাবে। তবে আমার খেলোয়াড়দের এমন ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমাদের ম্যাচের ছন্দ ও গতি নিয়ন্ত্রণ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *