সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংক হওয়া সত্ত্বেও গ্রাহকদের বিভিন্ন উপায়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা এবং গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সঞ্চয়পত্র বিক্রির জন্য অনুমোদিত থাকা সত্ত্বেও কিছু ব্যাংক নানা প্রক্রিয়ায় গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।

এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী ব্যাংকগুলোকে সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখা পর্যায়ে সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডিএমডির পরিচালক ইস্তেকমাল হোসেন সই করা নির্দেশনায় সঞ্চয়পত্র বিক্রিসহ সংশ্লিষ্ট সব সেবা যথাযথভাবে নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *