বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের শ্রমিক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুরের পানবাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উদয়পুর বাজারে তার ঢেউটিনের দোকান আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানবাজারের পাশের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখ মারা গেছেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহাগ শেখকে গুলি করে। তার মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বন্দুকধারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। ধারণা করছি তার শরীরে তিনটি গুলি লেগেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

ওসি বলেন, কারা কী কারণে এই নেতাকে গুলি করে হত্যা করেছে, তা এখনও জানতে পারিনি। ব্যবসায়িক না রাজনৈতিক বিরোধ, তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *