বাংলাদেশের কাছে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান দলের নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। কোন সংস্করণে কে অধিনায়ক হবেন এবং কাদের দলে রাখা উচিত, এ বিষয়ে নির্বাচকদের পরিষ্কার ধারণা নেই বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এক ঝাঁক নতুন মুখ নিয়ে এবারের বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান দল। তিন ম্যাচ মিলিয়ে এই সিরিজে অভিষেক হয়েছে ৬ জনের। তবে এত পরিবর্তনেও লাভ হয়নি, শেষ পর্যন্ত সিরিজ হেরেছে পাকিস্তান।
বিশ্বকাপের পর ‘সার্জারি’ বা বড় পরিবর্তনের মাধ্যমে ভাগ্য বদলানোর পরিকল্পনাও তাতে ধাক্কা খেয়েছে। তবে আফ্রিদি দলের বদলে নির্বাচক কমিটিতেই ‘সার্জারি’ করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, দলের মৌলিক বিষয় নিয়েই যখন পরিষ্কার ধারণা নেই, তখন নির্বাচক কমিটিকে নতুন করে গঠন করা উচিত।