সবার আগে বাংলাদেশে, টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’

মার্ভেল ভক্তদের তুমুল উন্মাদনার মধ্য দিয়ে আবারও পর্দায় আসছে ‘স্পাইডার-ম্যান’। ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।  চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন (৩০ জুলাই) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার নায়িকা জেন্ডায়াও থাকছেন আগের মতোই। জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলোর চেনা প্রত্যাবর্তনের পাশাপাশি এই ছবিতে বেশ কয়েকটি নতুন মুখ আসছে।

‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এই ছবিতে এমজে-এর নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী স্যাডি সিঙ্ক এই ছবিতে একটি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা।  মুক্তির তারিখ ঘোষণার আগে থেকেই ভক্তদের আলোচনার তুঙ্গে রয়েছে সিনেমাটি। ট্রেলার প্রকাশের পর রীতিমত ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। প্রথম ২৪ ঘণ্টাতেই ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। অগ্রিম টিকেট বুকিংও চলছে ব্যাপকভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *