মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর:

মাদারীপুরে মানবপাচার মামলার এক আসামি শহিদুল মোল্লা (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোরে শিবচর উপজেলার নিলখী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল মোল্লা শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈড় গ্রামের মরহুম কালামিয়া মোল্লার ছেলে। তিনি মানবপাচার মামলার ৭ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মোফাজ্জেল মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বরকে সরাসরি ইতালিতে পাঠানোর প্রলোভন দেখায় একটি মানবপাচারকারী চক্র। এ জন্য ২১ লাখ টাকায় চুক্তি হলে হৃদয়ের পরিবার পুরো অর্থ পরিশোধ করে।

কিন্তু গত বছরের ২৯ অক্টোবর হৃদয়কে ইতালিতে না পাঠিয়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বন্দিশালায় জিম্মি করে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণের নামে ধাপে ধাপে আরও ২৪ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। পরিবারের সদস্যরা ধারদেনা করে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করলেও হৃদয়ের মুক্তি মেলেনি।

এ ঘটনায় বিচার চেয়ে গত ৫ মে হৃদয়ের চাচাতো ভাই, ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মকবুল মাতুব্বরের ছেলে সাগর মাতুব্বর বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ডাসার থানায় মামলাটি রেকর্ড করা হয়।

তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার ৭ নম্বর আসামি শহিদুল মোল্লাকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, “মানবপাচার মামলায় গ্রেফতার শহিদুল মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *