মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রথম দুই সপ্তাহেই ৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি

মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোয় ইরানের হামলায় যুদ্ধের প্রথম দুই সপ্তাহেই প্রায় ৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) ও বিবিসির করা যৌথ একটি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

নতুন এই বিশ্লেষণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পরের সপ্তাহে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা যে প্রতিশোধমূলক হামলা চালায়, তাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের হামলায় ২২ দিনে মোট ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তার পুরো চিত্র এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ৮০ কোটির যে হিসাব দেওয়া হয়েছে, তা আগের হিসাবের চেয়ে বেশি। এতে স্পষ্ট যে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ খরচ হচ্ছে।

বিশ্লেষণী প্রতিবেদনটির সহলেখক ও সিএসআইএসের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানিয়ান বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি কম করে তুলে ধরা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতি অনেক বেশি বলে মনে হচ্ছে। আরও তথ্য পাওয়া না পর্যন্ত পুরো পরিমাণটা জানা যাবে না।

মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। তবে পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগ করতে বলে। পরে এ বিষয়ে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *