ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হচ্ছে।

এদিকে বাবার লাশ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে দৌড়াদৌড়ি করছেন দিপাবলি। জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললেই বুধবার (১৯ আগস্ট) বিকালে তার স্বামীর লাশ দাফন করা হবে।

এদিকে দুপুর পৌনে ২টার দিকে দিপাবলি আবেদন নিয়ে অতরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে যান। জানা গেছে, দীপু মনির চার দিনের প্যারোল মুক্তি চাওয়া হয়েছে।

দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এর আগে বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে ভেতরে প্রবেশ যান।

কারাগার থেকে বেরিয়ে মায়ের প্যারোল আবেদন নিয়ে দৌড়ে গাড়ির কাছে আসেন দিপাবলি। এরপর গাড়ি করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।

কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্যারোলে মুক্তির বিষয়ে কোনও আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনও অবগত নন। এ ছাড়া দীপু মনির পক্ষে কেউ কোনও দরখাস্ত নিয়ে কারাগারে আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *