মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে, এ বিষয়ে দলের উপকমিটি বিশেষভাবে নজর রাখছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, মক্কা প্যাক্ট বা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই করা একটি ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি।

সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে।

গ্যাস-বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে নাভিশ্বাস অবস্থা জনগণের। দ্রুতই এ থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *