শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে নাগরিকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
সভায় ওসি কামাল হোসেন বলেন, “মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজের জন্য মারাত্মক ব্যাধি। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়লে বিষয়টি গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশে ওসি কামাল হোসেন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়া এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।