স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা।

জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক হবে বলে জেনেছি। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় নেতা সূত্রে জানা গেছে, বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্য প্রথমবারের মতো অংশ নেবেন। নতুন সদস্যরা হলেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলের কৌশল, ব্রিকস সম্মেলন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিকসের সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেবেন। ব্রিকসের ২০২৬ সালের চেয়ারম্যান ভারত। সম্মেলনে ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি যাচ্ছেন না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *