সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়

সিয়াম আহমেদের সিনেমার ক্যারিয়ারগ্রাফ দেখলে শিরোনামটির সঙ্গে মিল খুঁজে পাবেন। সেটা যেকোনও অ্যাঙ্গেলে। গতিময় নদী ভাবতে পারেন ভাঙনের মুখে পতিত সিনেমা ইন্ডাস্ট্রিকে। ভাবতে পারেন ঢালিউড কিং শাকিব খানকেও। এই গতির মোহনায় টানতে পারেন অন্য নায়কদেরও; যারা গত ১০ বছরে নিজেদের পায়ের তলায় মাটি কিংবা স্রোতস্বিনী নদীতে খড়কুটো ধরে তীর খোঁজার চেষ্টা করেছেন।

ঢালিউডের এমন পরিস্থিতির পাশে যেন এক স্থির পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ। এই তো সেদিন, টিভি অধ্যায় পেরিয়ে ২০১৮ সালে যিনি সিনেমার খাতা খুলেছিলেন ‘পোড়ামন ২’ দিয়ে। তারপর ধারাবাহিকভাবে ‘দহন’, ‘ফাগুন হাওয়ায়’, ‘বিশ্বসুন্দরী’, ‘মৃধা বনাম মৃধা’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘অন্তর্জাল’, ‘জংলী’ এবং সবশেষে এই ঈদে ‘রাক্ষস’ দিয়ে নিজের অটলাবস্থা প্রমাণ করেছেন।

সিয়ামের সিনেমা

সিনেমাগুলোর ধরন ও সিয়ামের চরিত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি প্রতিটি পর্বে নিজেকে কতভাবে ভেঙেছেন। করেছেন প্রমাণও। কারণ সংখ্যায় কম হলেও গত ৮ বছরে তিনি তার প্রতিটি চরিত্রে প্রমাণ করেছেন নিজের অস্তিত্ব।

যদিও ক্যারিয়ারের শুরুতে বেশিরভাগ বিশ্লেষকরাই ধরে নিয়েছেন, সুপারহিট শাকিব খান, সিক্সপ্যাক আরেফিন শুভ, কমেডি অবতারে অনন্ত জলিল কিংবা গ্রামীণ আবহে দুর্দান্ত শরীফুল রাজের বাজারে সিয়াম পড়ে থাকবেন ঢালিউডের সস্তা প্রেমের ‘পুতু পুতু প্রেমিকের আবহে’! সেই সিয়াম ‘পোড়ামন’ পেরিয়ে ‘জংলী’ ও ‘রাক্ষস’ হয়ে তাক লাগিয়ে চলেছেন ঢালিউডের অন্যতম অ্যাটাকিং নায়কের চরিত্রে!

সিয়াম আহমেদ

অভিনেতার ভাষায়, ‘আমি শুরু থেকে চেষ্টা করে চলেছি প্রতিটি সিনেমায় যেন দর্শক ভিন্ন ভিন্ন সিয়ামকে খুঁজে পান। আমার কাছে তারকা হওয়ার চেয়ে চরিত্র হয়ে ওঠা বড় চ্যালেঞ্জ।’

‘‘পোড়ামন-২ থেকে আজকের ‘রাক্ষস’- চরিত্রগুলোর দিকে তাকালে এটুকু অন্তত স্পষ্ট, এগুলো কী ধরনের কাজ, কতটা চেষ্টা করছি। এই ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি, সবার কাছে দোয়া চাই। ভালোবাসা চাই’’- যোগ করেন অভিনেতা।

সিয়াম আহমেদ

বলা দরকার, ১৯৯০ সালের এই দিনে (২৯ মার্চ) জন্ম নেওয়া সিয়াম আহমেদের রাষ্ট্রীয় অর্জনের ঝুলিও কম নয়। মাত্র ৩৬ বছর বয়সে, ৮ বছরের এই ছোট্ট ক্যারিয়ারে পর পর দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন। প্রথমটি ‘বিশ্বসুন্দরী’র জন্য, পরেরটি ‘মৃধা বনাম মৃধা’র জন্য।

সব মিলিয়েই সিয়াম আহমেদের এবারের জন্মদিনটি বেশ আলাদা হয়ে উঠেছে। সেই সুবাদে দিনভর অন্তর্জালে ভাসছেন ভালোবাসার ইন্দ্রজালে!

সিয়াম আহমেদ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *