মাদারীপুরের শিবচরে বেড়িবাঁধ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে উত্তাল দত্তপাড়া, বেরিবাঁধ ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদ

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর বাচামারা পবন হাজীরকান্দি গ্রাম রক্ষার্থে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। প্রায় দুই শতাধিক মহিলা পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৩১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেরিবাঁধ ভেঙে খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে নারাজ।

স্থানীয়দের দাবি, প্রায় ৩১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বেরিবাঁধের কারণে তারা দীর্ঘদিন পর নদীভাঙনের আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। তাদের আশঙ্কা, বাঁধটি ভেঙে খাল খনন করা হলে আবারও ভয়াবহ নদীভাঙনের ঝুঁকিতে পড়বে পুরো এলাকা।

আড়িয়াল খাঁ নদীর তীরঘেঁষা এই গ্রামটিতে বর্তমানে প্রায় ২০০টি পরিবার বসবাস করছে। এলাকাবাসী জানান, অতীতে দুই থেকে তিনবার তাদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। তাই নতুন করে এমন কোনো সিদ্ধান্ত তারা মেনে নিতে চান না।

মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে খাল খননের পরিকল্পনা করা হয়েছে, সেটি তিনটি নদীর মিলনস্থল। বর্ষা মৌসুমে এখানে নদীর স্রোত অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং ভাঙনের ঝুঁকি বাড়ে।

এলাকাবাসীর প্রশ্ন, মাত্র এক বছর আগে শেষ হওয়া একটি বড় প্রকল্প হঠাৎ করে ভেঙে ফেলার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো?

একাধিক ভুক্তভোগী আবেগঘন কণ্ঠে বলেন যার নদীতে গেছে, শুধু সেই বোঝে নদীভাঙনের কষ্ট। ঘর-বাড়ি সব হারাইছি, এখন আর হারাইতে চাই না।

মানববন্ধন থেকে সরকারের কাছে একটাই দাবি জানানো হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই যেন বেরিবাঁধ ভেঙে খাল খনন না করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *