আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন

আইনজীবী অসুস্থ থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের  জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন পিছিয়েছে। পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের পুত্র সিয়ামের মামলায় আগামী বুধবার এই দিন ধার্য করা হয়েছে।

আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত এই দিন ধার্য করেন।

দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বলেন, ‘আজ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ছিল। তবে আসামিপক্ষের সিনিয়র আইনজীবী অসুস্থ থাকায় সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত।’

এরআগে গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয় আদালত। আত্মপক্ষ শুনানিতে  সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *