সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে থাকছেন না হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডে খেলা এই দুই ফুটবলারের ৯ নভেম্বর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছেন কোচ থমাস ডুলি। ফলে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের পাচ্ছে না বাংলাদেশ।

রবিবার দুপুরে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়েরা যোগ দেওয়ার পর ডুলি বলেন, ‘হামজা ৯ তারিখে আসবে। ফারহানও সম্ভবত ৯ তারিখে আসবে। ওই হিসেবে দ্বিতীয় ম্যাচে তাদের পাওয়া যাবে।’

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর ৬ দিন পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা।

ক্লাব ফুটবলে ব্যস্ত থাকা খেলোয়াড়দের দেরিতে যোগ দেওয়া টুর্নামেন্টের আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন জার্মান কোচ। ফিফার নির্ধারিত আন্তর্জাতিক বিরতি শুরুর আগে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। এ কারণেই হামজা ও ফারহানের মতো প্রবাসী ফুটবলারদের সময়মতো পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

ডুলি বলেন, ‘লিগের ম্যাচ আছে। যে খেলোয়াড় আপনার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাকে আপনি ছাড়তে চাইবেন না। এমনকি ক্লাব তাকে ছাড়তে বাধ্যও নয়। তারা বলতে পারে, খেলোয়াড় আমাদের সঙ্গেই থাকবে। যখন ছাড়তে হবে, তখনই ছাড়বে। আর সেটা ৮ তারিখ।’

তিনি আরও বলেন, ‘তারা ৯ তারিখে রওনা দিতে পারে, আবার ম্যাচের পরপরই রওনা হতে পারে। কখন ফ্লাইট পাচ্ছে, তার ওপর বিষয়টি নির্ভর করছে। তাই অনেকে যতটা সহজ মনে করেন, বিষয়টা তত সহজ নয়।’

ক্যাম্পের জন্য নির্বাচিত ৩০ জন খেলোয়াড়ের মধ্যে রবিবার টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করেছেন ২১ জন। হামজা ও ফারহান ছাড়া বাকি প্রবাসী খেলোয়াড়দের ৩ নভেম্বরের মধ্যে যোগ দেওয়ার কথা। সব মিলে টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে প্রায় পূর্ণ দল পাওয়ার আশা করছে বাংলাদেশ।

১৮ অক্টোবর সাফ কর্তৃপক্ষের কাছে ২৮ সদস্যের চূড়ান্ত তালিকা জমা দিয়েছেন ডুলি। তবে চোট বা ফিটনেস সমস্যার কারণে শেষ মুহূর্তে খেলোয়াড় বদলানোর সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। কারণ, তালিকায় খেলোয়াড়ের সংখ্যা ২৮-এ সীমাবদ্ধ। দেরিতে দলে যোগ দেওয়া কেউ চোটে পড়লে কিংবা ফিটনেসে ঘাটতি থাকলে প্রস্তুতির জন্য সময়ও থাকবে কম।

ডুলি বলেন, ‘কেউ যদি গতকাল ম্যাচ খেলে আজ আসে, আর তার হাঁটুতে সমস্যা থাকে, তাহলে আমরা কী করতে পারি? কিছুই না। আমাদের তাকে খেলার জন্য প্রস্তুত করতে হবে।’

ডিফেন্ডার তপু বর্মণও সামান্য ফিটনেস সমস্যা নিয়ে ফিরেছেন বলে জানিয়েছেন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *