জোড়া গোল করে জিততে না পেরে খারাপ লাগছে সাগরিকার

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দুই গোলে এগিয়ে থেকেও থাইল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। উল্টো তিন গোল হজম করে তিন পয়েন্ট হারিয়েছে। এই ম্যাচে জোড়া গোল করেছেন স্ট্রাইকার সাগরিকা। ম্যাচ হেরে হতাশ তিনি।

আজ বৃহস্পতিবার বাফুফের দেওয়া ভিডিও বার্তায় সাগরিকা বলেছেন, ‘আমি বলবো থাইল্যান্ড অনেক ভালো দল। আমরাও ভালো করেছি প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। ওই সময় একটা গোল হজম করে ফেলি, তখন সবার মন-মানসিকতা একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে এমনটা হইছে। তারপরও আমরা চেষ্টা করেছি কামব্যাক করতে, কিন্তু পারিনি, ৩-২ গোলে হেরে গেছি।’

পরের ম্যাচে চীন বাংলাদেশের প্রতিপক্ষ। এ নিয়ে তার কথা, ‘এখানে আমাদের প্রথম ম্যাচ, আর আমি দুইটা গোল করেছি। সত্যি খুব ভালো লাগছে, টিম সাপোর্ট করছে বিধায় পেরেছি। যদি ওরা বল সাপ্লাই দিতে না পারতো, তবে তো গোল করতে পারতাম না। পরের ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত আছি, চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। ইনশাআল্লাহ ভালো ফল নিয়ে মাঠ থেকে ফিরবো।’

সহকারী কোচ আবুল হোসেন আক্ষেপের সুরে বলেছেন, ‘গতকাল আমরা প্রথম ম্যাচ খেলেছি। ৭০ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিলাম, সামান্য ভুলের কারণে জিততে পারিনি। এমন ভুল তো আর সচরাচর হয় না, তবে হয়ে গেছে। আজ সেই ভুলগুলো নিয়ে কাজ করেছি। পরের ম্যাচ চীনের বিপক্ষে। তাদের সঙ্গে যেন একই ভুল না হয় তা নিয়ে কাজ করছি। মেয়েদের বলেছি যা হয়েছে সেটা এখন অতীত। এ নিয়ে তাদের চিন্তা করতে বারণ করেছি।’

সাগরিকার প্রশংসা করে কোচ বলেছেন, ‘সাগরিকা অসাধারণ করেছে। সে সবখানেই সুযোগ পেলে ভালো খেলে। আমরা প্রতিটি খেলোয়াড়কে মূল্যায়ন করি। কে কখন জ্বলে উঠবে তা বলা যায় না, সেভাবেই আমরা ওদের মোটিভেট করি। সবাইকে সমান নজরে দেখি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *