শিবচরে প্লাস্টিক দূষণ রোধে ‘দেশ’র সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি

মাদারীপুর প্রতিনিধি:
প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ-DESH) এর উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও শেখপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

আয়োজকরা জানান, প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য যত্রতত্র ফেলার কারণে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ ক্রমেই দূষিত হচ্ছে। এসব বর্জ্য মাটি ও পানি দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি সৃষ্টি করছে। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, শেখপুর বাজারের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিকের ব্যবহার কমানো, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ

কর্মসূচিতে দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মাসুদ রানা, শহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ মো. শামীম, হামিদুর, লামিয়া আক্তারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এ ছাড়া হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। মানুষ যদি নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজে গ্রহণ করে, তাহলেই একটি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। পরিবেশ সুরক্ষায় দেশ সংগঠনের এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, “পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নাগরিক হিসেবে সবাই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করলে পরিচ্ছন্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতি শনিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিবচরে প্রথমবারের মতো দেশ (DESH) সংগঠন এগিয়ে এসেছে। এ জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাই। অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও এ ধরনের উদ্যোগ নিয়ে আমাকে আমন্ত্রণ জানালে আমি তাদের পাশে থাকব।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শুধু নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই প্লাস্টিক দূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নিয়মিত সচেতনতা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত পর্যায়ে আচরণগত পরিবর্তন। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।