১৯ নভেম্বরের কর্মসূচি প্রতিহতে পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত কামাল জামান মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

মাদারীপুর (শিবচর) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের ঘোষণা দিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা ও টহল কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা কামাল জামান মোল্লা। এতে শত শত মোটরসাইকেলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ভাঙ্গা পর্যন্ত যায়। পথে বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে টহল দেন অংশগ্রহণকারীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ না পান, সে বিষয়ে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেন তাঁরা।
শোভাযাত্রা ও টহল কর্মসূচি শেষে কামাল জামান মোল্লা বলেন, ‘আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত টহল দিয়েছি। কেউ যেন অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে না পারে, সে জন্য হাজারো নেতাকর্মী নিয়ে মাঠে রয়েছি।’
তিনি আরও বলেন, ১৯ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন। কোথাও কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিরোধ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
কামাল জামান মোল্লা জানান, ১৯ নভেম্বর পর্যন্ত তাঁদের এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।