লকডাউন প্রতিরোধে বিএনপি মাঠে, অন্য দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন


শিবচরে বিভিন্ন কর্মকাণ্ডে এমপির অনুসারীদের সরব উপস্থিতি, তবে রাজনৈতিক সংকটে এমপির ভূমিকা নিয়ে আলোচনা

খান-ই-আজম
লকডাউনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি এবং সাধারণ জনগণ মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে। তবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ সংকট মোকাবিলায় তেমন দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না বলে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
ওই নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। বিভিন্ন আসনে একাধিক দলের প্রার্থী বিজয়ীও হয়েছেন। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এসব দলের অনেক নেতাকর্মীর মাঠপর্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। শিবচরের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর অনুসারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। টিসিবির পণ্য বিতরণ, জেলেদের চাল বিতরণ, স্থানীয় বিচার-সালিশ এবং মা ইলিশ রক্ষা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণ কার্যক্রমে যেমন তাঁর অনুসারীদের উপস্থিতি দেখা যায়, তেমনি স্থানীয় বিচার-সালিশেও তাঁদের সম্পৃক্ততা রয়েছে। মা ইলিশ রক্ষায় নদীতে জেলেদের নৌকা ও ট্রলারের ওপর নজরদারির ক্ষেত্রেও তাঁদের সক্রিয় থাকার কথা জানা যায়।
শিবচরবাসীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সংসদ সদস্যের উদ্যোগে মজলিসে শুরা বা স্থানীয় বিচারব্যবস্থার আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর অনুসারীরা বিচারিক কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত রয়েছেন। যদিও এসব কার্যক্রমের গতি নিয়ে কারও কারও মধ্যে অসন্তোষ রয়েছে, তবে উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেও দেখছেন অনেকে।
এ ছাড়া মাদকবিরোধী কার্যক্রমেও সংসদ সদস্যের অনুসারীদের রাতের বেলায় সক্রিয় থাকার কথা শোনা যায়। তাঁদের দাবি, মাদক নির্মূলে তাঁরা নিয়মিত কাজ করছেন। তবে এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও আইনি প্রক্রিয়া অনুসরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসে। ওই আন্দোলনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। সেই আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা অক্ষুণ্ন রাখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
সম্প্রতি লকডাউনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে সক্রিয় দেখা গেলেও শিবচরে অন্যান্য রাজনৈতিক দলের দৃশ্যমান ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুদ্দিন মোল্লা ও তাঁর নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা আলোচনায় এসেছে। তাঁরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছেন।
তবে এ পরিস্থিতিতে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার সরাসরি মাঠপর্যায়ের উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মধ্যে আলোচনা রয়েছে।
অবশেষে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা খাতুনের সঙ্গে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় উপস্থিত হয়ে বক্তব্য দেন সংসদ সদস্য। এ সময় তিনি ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তবে প্রশ্ন থেকেই যায়—শিবচরের বিভিন্ন সেক্টরে যাঁদের অনুসারীদের সরব উপস্থিতি রয়েছে, জাতীয় ও রাজনৈতিক সংকটের এই সময়ে তাঁদের রাজনৈতিক ভূমিকা কতটা দৃশ্যমান? শুধু বক্তব্য নয়, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় সব রাজনৈতিক দলের কার্যকর অংশগ্রহণই এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।