আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস

নিউজ ডেস্ক:
টেলিভিশন শুধু একটি যন্ত্র নয়; এটি বিশ্বকে মানুষের ঘরের ভেতরে নিয়ে আসার এক বিস্ময়কর আবিষ্কার। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিভিশনের রূপ ও প্রচারমাধ্যমে ব্যাপক পরিবর্তন এসেছে। তবুও আধুনিক যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রবাহ ও জনমত গঠনে টেলিভিশনের গুরুত্ব আজও অপরিসীম।
১৯২৬ সালে ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড প্রথম কার্যকর টেলিভিশন প্রদর্শন করেন। পরবর্তী সময়ে প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় ১৯৩৬ সালে বিবিসি নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশনের ব্যাপক প্রসার ঘটে। বিশেষ করে পঞ্চাশের দশকে এটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পায়।
১৯৯৬ সালে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেলিভিশন ফোরামের ধারাবাহিকতায় ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বজুড়ে যোগাযোগ, তথ্যপ্রবাহ, সংস্কৃতি ও উন্নয়নে টেলিভিশনের ভূমিকা তুলে ধরাই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।
তবে সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশন সাংবাদিকতার সামনে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। একসময় টেলিভিশনে প্রচারিত সংবাদকে মানুষ নির্ভরযোগ্য তথ্যের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করত। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে কিছু সংবাদে অতিরঞ্জন, পক্ষপাতিত্ব, লোকদেখানো প্রচারণা ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উপস্থাপনার কারণে সাধারণ মানুষের একটি অংশের মধ্যে টেলিভিশন সাংবাদিকতার প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।
আমার বিশ্বাস, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা, বস্তুনিষ্ঠতা ও সত্য প্রকাশের সাহস। সংবাদ কখনো কারও স্বার্থ রক্ষার হাতিয়ার হতে পারে না। সংবাদ হতে হবে মানুষের কথা, মানুষের অধিকার ও বাস্তবতার প্রতিচ্ছবি।
আমি টেলিভিশন সাংবাদিকতার একজন ক্ষুদ্র কর্মী। এই পেশার সঙ্গে যুক্ত থেকে মানুষের কথা, সমাজের সমস্যা ও বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। সেই জায়গা থেকে বলতে চাই, রাজধানী টেলিভিশন গণমানুষের কথা বলে, মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে।
বিশ্ব টেলিভিশন দিবসে প্রত্যাশা—টেলিভিশন হয়ে উঠুক সত্য, ন্যায়, মানবিকতা ও জনস্বার্থের নির্ভরযোগ্য কণ্ঠস্বর।
শুভ বিশ্ব টেলিভিশন দিবস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।