বিজয়নগরে চুরির সন্দেহে শাহিনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত উমর আলী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহিন মিয়া (২৯) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই নম্বর আসামি উমর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

রবিবার রাতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, নিহত শাহিন মিয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। এলাকার বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি।

গত ৩১ অক্টোবর সকাল ১০:৩০ মিনিটের দিকে নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন একটি স’মিলের সামনে এ ঘটনা ঘটে। ওই স’মিল থেকে গাছ কাটার করাত চুরির ঘটনাকে কেন্দ্র করে শাহিনকে সন্দেহ করেন বিবাদীরা। তাঁকে চোর আখ্যা দিয়ে গালিগালাজ করা হলে প্রতিবাদ করেন শাহিন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে অচেতন অবস্থায় শাহিনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে রামপুরার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত ৯:৫৩ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর রাত পৌনে আটটার দিকে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সরাইলের শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি উমর আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উমর আলী বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে।

এসআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।