‘অতীতের কঠিন মুহূর্তের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অতীতে দেশের কঠিন মুহূর্তের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। কারণ ছবি শুধু অতীতকে নাড়া দেয় না, জীবন্ত ইতিহাসকেও সামনে আনে। কষ্টের অতীত যেন আবার ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।

রবিবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ আয়োজনের জন্য বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে দুদু বলেন, ১৭-১৮ বছরের ঘটনাবলি সীমিত পরিসরে তুলে ধরা হয়েছে। এসব ছবির মাধ্যমে বোঝা যায়, এই বিপদজনক সময়ের মধ্যে আমরা একসময় ছিলাম। এই নির্যাতনের মধ্যে দেশবাসী একসময় ছিল।

শামসুজ্জামান দুদু বলেন, কী ভয়ঙ্কর শাসক সেই সময় ছিল, সেটি এই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাদের আলোকচিত্রের মধ্য দিয়ে চমৎকারভাবে তুলে ধরেছেন। আবু সাঈদের ছবির পাশাপাশি বেগম খালেদা জিয়াকে অপমান করে তার বাড়ি থেকে বের করে দেওয়ার চিত্রও এখানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার মানুষের ভালোবাসার সরকার। সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে, সেগুলো ঠিক করার জন্য সবাইকে পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আজকে এই ছবির মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম, আমাদের একটা কঠিন অতীত আছে। সেই অতীতে কারা কীভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে, কীভাবে কারা সেটা প্রতিরোধ করেছি-প্রতিরোধ করেছে।

আবু সাঈদের সাহসিকতার কথা উল্লেখ করে সাবেক এই সংসদ বলেন, সে সময় ছবি ধারণ ও প্রকাশ করতে গিয়ে জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি চাকরিও হারাতে হয়েছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে, ছবি সব সময় অতীতকে শুধু নাড়া দেয় তা না, জীবন্ত ইতিহাসকে সামনে নিয়ে আসে।

আলোকচিত্র প্রদর্শনী ঢাকার বাইরে বিভাগ ও জেলা পর্যায়েও আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের সত্য ঘটনাগুলো স্মৃতিতে ধরে রাখতে হবে। স্মৃতিতেও তো নাড়া দেওয়ার মতো ঘটনা থাকতে হবে, যে ঘটনা আমাদের আছে, সত্য ঘটনাই আছে।

অনুষ্ঠানে আরও ছিলেন– বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহসভাপতি মশিউর রহমান সুমন, অর্থসম্পাদক নাসিম শিকদার, দফতর সম্পাদক ফরিদ আহমেদসহ আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *