আগামী বাজেটে সিগারেটের ওপর নতুন করে কর বাড়ানো হবে না

আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক বা কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, বর্তমানে সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি কর আরোপের সুযোগ নেই। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বাজারমূল্য বিবেচনায় দাম পুনর্নির্ধারণ করা হতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর বিভিন্ন দাবি শোনার পর এনবিআর চেয়ারম্যান কর কাঠামো অপরিবর্তিত রাখার ইঙ্গিত দেন।

আলোচনায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অবৈধ সিগারেট আমদানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। সংগঠনটির পক্ষে আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ বলেন, অবৈধ আমদানি রোধে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা প্রয়োজন। এর জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ কারবার ঠেকাতে সিগারেটের প্যাকেটে বিশেষ কোড (এয়ার কোড/কিউআর কোড) সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কর পরিশোধ যাচাই করা যায়।

সভায় বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অবৈধ সিগারেটকে এ খাতের বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে জাপান টোব্যাকো বাংলাদেশে ইতোমধ্যেই উচ্চ করহার থাকার কথা তুলে ধরে নতুন করে কর না বাড়ানোর প্রস্তাব দেয়।

অন্যদিকে টেলিযোগাযোগ খাতের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ সিম কার্ড প্রতিস্থাপনে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, সিম হারিয়ে গেলে নতুন সিম তুলতে ৩০০ টাকা ভ্যাট দিতে হয়, যা দ্বৈত কর হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অবৈধ ও অনানুষ্ঠানিক মোবাইল ফোন আমদানি বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার দ্রুত বাস্তবায়নের দাবি জানায়।

প্রাক্-বাজেট এই আলোচনায় বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা কর নীতি, শুল্ক কাঠামো ও বাজার নিয়ন্ত্রণসংক্রান্ত একাধিক প্রস্তাব তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *