‘আন্তব্যাংক লেনদেনের ফি পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই’

আন্তব্যাংক লেনদেনের ফি পরিবর্তনের কোনও পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এই তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, দেশের ৪৬টি ব্যাংক নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকের অভ্যন্তরীণ লেনদেনের ফি স্ব-স্ব ব্যাংকই নির্ধারণ করে থাকে এবং নির্ধারিত ফি ‘শিডিউল অব চার্জেস’ উল্লেখ করে স্ব-স্ব ব্যাংক ওয়েবসাইটে প্রদর্শন করে থাকে। এছাড়া গ্রাহকরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন), রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস), ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে আন্তব্যাংক লেনদেন সম্পন্ন করতে পারেন। বিইএফটিএন ব্যবহার করে বিনা খরচে, আরটিজিএস ব্যবহার করে লেনদেন প্রতি সর্বোচ্চ ১০০ টাকা (ভ্যাটসহ) এবং এনপিএসবি’র মাধ্যমে লেনদেন প্রতি সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাটসহ) খরচে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করতে পারেন। আন্তব্যাংক লেনদেনের এরূপ ফি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *