সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর থেকে গ্রেফতার করা হয় তাদের।
তারা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারী পাড়া এলাকার মৃত শুকচান শেখ ওরফে শুকচান মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), কুড়িগ্রামের উলিপুর থানার পারুলের পাড় এলাকার মৃত সেকেন্দারের ছেলে মো.আব্দুর রহিম (৪০), মানিকগঞ্জের দৌলতপুর থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মো. জুয়েল রানা (৪২), এককই এলাকার মৃত লেদু শেখের ছেলে মো. মিজান শেখ (৫০), নাটোরের বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামাণিকের ছেলে মো. জহুরুল ইসলাম (৪১), সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার তেলিবাজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল মমিন (৪০)। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মহাসড়কে গরুর গাড়ি, চিনি, চাল, তেল, রডসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি টার্গেট করে ডাকাতি করতো তারা। সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে তাদের।’