আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত

ভারতের আসাম রাজ্যের যোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। শনিবার (১৩ জুন) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

ভারতীয় বিমান বাহিনী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

আইএএফ এক বিবৃতিতে জানায়, আজ স্থানীয় সময় সকাল প্রায় ১০টায় আসামের যোরহাটে নিয়মিত উড্ডয়নের সময় একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা ও প্রাথমিক তদন্ত চলছে। এই প্রাণহানিতে ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি বিমানঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয় এবং পরে এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি মূল্যায়নে তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধারকারীদল মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এএন-৩২ বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যোরহাটে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়টি আমরা জানি। বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি।

উল্লেখ্য কয়েক মাস আগেই আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। গত ৫ মার্চ যোরহাট বিমানঘাঁটি থেকে নিয়মিত উড্ডয়নের জন্য উড্ডয়ন করা ওই যুদ্ধবিমানটি সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে ভূমি নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ হারায়। পরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় সেটি বিধ্বস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *