ইরানে চুক্তি নাকি অভিযান, ‘ফিফটি-ফিফটি’ পজিশনে ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি হবে নাকি আবার হামলা চালানো এই নিয়ে দ্বিধায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৩ মে) মার্কিন গণমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার দ্বিধার কথা জানান। খবর আনাদুলু এজেন্সির।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো অথবা আবারও হামলা চালানোর প্রশ্নে আমি এখনও ‘ফিফটি-ফিফটি’ অবস্থানে রয়েছি। কী হবে তা জানা যাবে আগামীকাল রবিবার।”

তিনি জানান, ইরানের সর্বশেষ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে তিনি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করবেন। এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

ট্রাম্প বলেন, “আমার মনে হয়, দুটি ঘটনার একটি ঘটবে— হয় আমি তাদের আগের যেকোনো সময়ের চেয়ে কঠোরভাবে আঘাত করবো, অথবা আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাবো। কেউ কেউ চুক্তি চায়, আবার কেউ যুদ্ধ পুনরায় শুরু করতে চায়।”

এদিকে, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে চলমান শান্তি আলোচনার এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনও বিস্তারিত আলোচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “আমরা এই মুহূর্তে পারমাণবিক বিষয়ের বিশদ বিবরণ নিয়ে আলোচনা করবো না।”

আলোচনার অগ্রগতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়ে ইসমাইল বাঘাই বলেন, “গত এক সপ্তাহে দুই পক্ষের মতামত অনেকটাই কাছাকাছি এসেছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কী ঘটে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *