ইরান ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দেয় না, দাবি ইরানি মন্ত্রীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির সংস্কৃতিমন্ত্রী সৈয়দ রেজা সালিহি-আমিরি ট্রাম্পকে একজন ‘অস্থির ও বিকারগ্রস্ত ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সালিহি-আমিরি বলেন, ইরানের সমাজ সাধারণত তার (ট্রাম্পের) বক্তব্যে কান দেয় না। কারণ মানুষ বিশ্বাস করে যে তার ব্যক্তিগত, আচরণগত ও বাচনিক ভারসাম্য নেই। তিনি প্রতিনিয়ত নিজের অবস্থান পরিবর্তন করেন।

ট্রাম্পের কর্মকাণ্ডকে এক রহস্যময় ‘প্রপঞ্চ’ হিসেবে বর্ণনা করে তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ‘বিশ্বের জন্য উন্মুক্ত হলেও ইরানের শত্রুদের জন্য বন্ধ’।

রবিবার এক অশালীন বার্তায় ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হবে। তিনি ইরানকে ‘নরকের মধ্যে’ বসবাসের স্বাদ দেওয়ারও অঙ্গীকার করেন।

ট্রাম্পের এই হুমকির পর জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পাল্টা বার্তা দিয়েছে। তারা বেসামরিক অবকাঠামোতে হামলার এই প্রকাশ্য হুমকিকে ‘বেসামরিকদের আতঙ্কিত করার প্ররোচনা’ এবং ‘যুদ্ধাপরাধ করার স্পষ্ট অভিপ্রায়’ হিসেবে বর্ণনা করেছে। মিশন আরও বলেছে, “আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই পদক্ষেপ নেওয়া উচিত। আগামীকাল অনেক দেরি হয়ে যাবে।”

এদিকে ইরানের প্রেসিডেন্টের মুখপাত্র সৈয়দ মোহাম্মদ মেহেদী তাবাতাবাই জানিয়েছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ট্রানজিট রাজস্বের একটি অংশ ইরানকে দেওয়ার শর্তেই কেবল এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খুলে দেওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *