ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত শতাধিক

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহকদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে গুলিবিদ্ধসহ শতাধিক গ্রাহক ও শেয়ারহোল্ডার আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার (১ জুন) সকালে মানববন্ধন শুরুর আগেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ শুরু করে। এতে মানববন্ধন ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, বোর্ড মিটিং ছাড়াই এবং বিধিবহির্ভূতভাবে চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছিলেন।

ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, গত ২৪ মে সরকারের হস্তক্ষেপে ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগে বাধ্য হন এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ছুটিতে পাঠানো হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা তারা প্রত্যাখ্যান করেন।

তিনি আরও দাবি করেন, এই নিয়োগ বাতিল করে পূর্বের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের নিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানানো হচ্ছে। তাদের অভিযোগ, দাবির প্রতি কোনও সাড়া না দিয়ে বরং বলপ্রয়োগ করা হয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ব্যাংকের বর্তমান তারল্য সংকটের কারণে গ্রাহকেরা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারছেন না এবং এটিএম বুথেও নগদ অর্থ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাধারণ গ্রাহকদের ব্যাংক প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *