উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মজুত রাখা সরকারি ওষুধ ও মূল্যবান কাগজপত্র আগুনে পুড়ে গেছে। রবিববার (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্টোর রুমে অগ্নিকাণ্ড ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান বলেন, ‘বেলা আড়াইটার দিকে হঠাৎ করে স্টোর রুমের ভেতরে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আমরা চেষ্টা করে বেলা ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে নিজেরাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে ওই কক্ষে বেশ কিছু মালামাল ছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে।’

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *