এক ইনিংসে ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান নারী পেসারের ইতিহাস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন ব্রাজিলিয়ান নারী পেসার লরা কার্ডোসো। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৯টি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নারী কিংবা পুরুষ- যে কোনও বিভাগেই এমন কীর্তি এটাই প্রথম।

লেসোথোর বিপক্ষে দুর্দান্ত বোলিং করে কার্ডোসো তিন ওভারে মাত্র ৪ রান দিয়ে নেন ৯ উইকেট। দিয়েছেন দুটি মেডেনও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার।

এর আগে এই রেকর্ডটি ছিল ভুটানের সোনাম ইয়েশের দখলে। তিনি ২০২৫ সালে পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন।

নারীদের টি-টোয়েন্টিতে আগের সেরা বোলিং ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার। তিনি ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনও রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙেছেন কার্ডোসো।

এর আগে ব্যাট করতে নেমে ব্রাজিল তোলে ২০২ রানের বড় সংগ্রহ। দলের হয়ে রবার্তা অ্যাভেরি ৩৫ বলে করেন ৪৮ রান, আর মনিক মাচাদো ৪১ বলে করেন অপরাজিত ৬৯ রান।

বোলিংয়ে কার্ডোসোর ঝড় শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারে। ওই ওভারেই এই পেসার তুলে নেন হ্যাটট্রিক। এরপর চতুর্থ ওভারে আরও চারটি উইকেট নিয়ে নিজের উইকেটসংখ্যা নিয়ে যান ৭টিতে। ষষ্ঠ ওভারে আরও দুই উইকেট তুলে এক ইনিংসে ৯ উইকেটের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেন তিনি।

লেসোথোর শেষ উইকেটটি নেন মারিয়ানে আর্তুর। তাতে মাত্র ৬.২ ওভারে ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো। এতে ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *