এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া

রঙিন পর্দার তারকার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিই যেন দর্শকের বিশেষ আকর্ষণ থাকে। তাদের যাপনের নানা ভঙ্গি ভক্তের জীবনেও প্রভাব ফেলে। তাই তো তারকাদের ইতিবাচক যে কোন উদ্যোগ যেমন প্রশংসিত হয়, নেতিবাচক কোন কাজও তেমনি সকলের সমালোচনার বিষয়বস্তু হয়ে ওঠে নিমিষেই। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তেমনই একজন।

অভিনয়ের বাইরেও জয়ার জীবন যেমন প্রাণ-প্রকৃতি ঘেঁষা, তেমনি তার দৈনন্দিন জীবন যাপনও বহুবৈচিত্রময়। সেসব গল্পই এখন জয়া দেখাবেন নিজের ইউটিউব চ্যানেলে।

ফেসবুক পেইজে জয়া আহসানের ফলোয়ার প্রায় ষাট লক্ষ। তবে, এতদিন ছিল না কোন ইউটিউব চ্যানেলে। সে কাজটিই করেছেন জয়া। নিজেই নিজের মিডিয়া হয়ে ওঠার পথে পা বাড়ালেন আরও এক ধাপ। ফেসবুকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করে সকলকে সাবসক্রাইব করতে আহ্বান জানিয়েছেন।

ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। জয়া আহসানের ভাষ্যে, “পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফর্ম।”

নতুন এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার কনটেন্ট। অভিনয়জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন ধাপের গল্প। পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসছে ভিডিওগুলোতে। নতুন ঘোষণা এলেও ইউটিউব চ্যানেলটিতে ঘুরে দেখা গেছে দু’মাস আগে থেকেই ভিডিও কনটেন্ট আপলোড করেছেন জয়া।

এখন তাই, জয়া যেখানে ছুটবেন, নিজের কনটেন্ট ক্রিয়েটর টিম ক্যামেরা নিয়ে ছুটবেন তার পিছু পিছু। নিজেই নিজের ক্যামেরায় নিজের গল্প বলার দুনিয়ায় জয়া এখন একদম ফিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *