ওমরাহ পালনে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় ওমরাহ হজে যাওয়া পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা-ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাবা ও ছেলে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহতরা হলেন- রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তানিয়া তাহমিনা রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৌরব এলাকায়।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ পালনের উদ্দেশে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিন জন নিহত হন। দুজন মারাত্মক আহত হয়েছেন।

রিনার ভাই তৌহিদ মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমার বোন, দুলাভাই তাদের ছেলে মেয়েসহ পাঁচ জন ওমরাহ হজ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে প্রাইভেটকারের পেছন থেকে বড় একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমার বোন, ছোট ভাগনে ও ভাগনি নিহত হয়। আমার ভগ্নিপতি ও আরেক ভাগনে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। যাতে তাদের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *