কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

রাঙামাটি জেলার কাপ্তাই লেকের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানি শেষে রবিবার (১৬ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

পরে আইনজীবী জানান, চার মাসের মধ্যে কাপ্তাই লেকের প্রকৃত ম্যাপ অনুসারে সীমানা জরিপ করে এর ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

একইসঙ্গে আদালত আগামী ২০২৭ সালের ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেন। আদালতের আদেশে রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও জরিপ অধিদফতরের মহাপরিচালককে এ রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দেন।

রাঙামাটি জেলার কাপ্তাই লেকে অবৈধ দখলদারদের দ্বারা দূষণ ও দখল করা হচ্ছে বলে মিডিয়ায় সংবাদ প্রচারিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। ২০২২ সালের ১৭ অক্টোবর রুল জারি করেন।

এ অবস্থায় এইচআরপিবির পক্ষে একটি সম্পূরক আবেদন দাখিল করে জেলা প্রশাসক রাঙামাটি ও জরিপ অধিদফতরের মহাপরিচালককে কাপ্তাই লেকের ম্যাপ অনুসারে সীমানা জরিপ ও অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশনা প্রার্থনা করেন।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, বর্তমানে অনেক অবৈধ দখলদাররা তাদের নিজের মালিকানা দাবি করছেন এ কারণে তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। এই কারণে জরিপ করে প্রকৃত দখলদারদের চিহ্নিত করা প্রয়োজন এবং আদালতের নির্দেশনা প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *